ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, ডিআইপি–এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আনোয়ার পারভেজ।
লে. কর্ণেল মনজুর-ই-এলাহী তার সংক্ষিপ্ত বক্তব্যে ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা মান নিয়ে আলোকপাত করেন এবং সেবার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম বলেন, ‘ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে বৃদ্ধি পাবে।’
তিনি আরও উল্লেখ করেন, ই-পাসপোর্টের অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সইয়ের সুযোগ তৈরি করবে।
ই-পাসপোর্ট সেবা চালুর ক্ষেত্রে ইথিওপিয়া ৬৮তম মিশন হিসেবে যুক্ত হওয়ায় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পকে ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। পরবর্তী সময়ে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে উপ-প্রকল্প পরিচালক রাষ্ট্রদূতকে একটি ক্রেস্ট প্রদান করেন। এছাড়াএ রাষ্ট্রদূত ই-পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে।
