মালদ্বীপে পেশাজীবী নিয়োগ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স-এর সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ-এর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে ড. আসিফ নজরুল মালদ্বীপে অবস্থানরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের জন্য অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনার ক্ষেত্রে প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তিনি চিকিৎসা, প্রকৌশল, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আরও বেশি সংখ্যায় আসার আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

জবাবে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাবও দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী।

এই বৈঠককে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শ্রম, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্লেষকেরা।

  • বাংলাদেশ-মালদ্বীপ