দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে “Civil Aviation Master Planning Overview” শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত, এমপি।
অনুষ্ঠানে বক্তৃতায় মন্ত্রী বলেন, বিমান পরিবহন খাত আজ শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি বলেন, একটি আধুনিক ও টেকসই এভিয়েশন ব্যবস্থা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য এবং দেশের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে একটি কার্যকর মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বিমান চলাচল খাতের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর আধুনিকায়ন ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।
কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
