আন্তর্জাতিক ফ্লাইটে ৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে সৌদিয়া

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সৌদিয়ার

আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণকারীদের জন্য বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া। নতুন প্রচারণার আওতায় সৌদি আরব থেকে আন্তর্জাতিক রুটের গেস্ট ক্লাস ও বিজনেস ক্লাসের টিকিটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বুক করা যাবে। এ অফারে ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। একমুখী ও রিটার্ন—উভয় ধরনের টিকিটই প্রচারণার আওতায় থাকছে। বিভিন্ন বিক্রয় চ্যানেলের মাধ্যমে টিকিট বুক করা যাবে।

এদিকে, অফার চলাকালে টিকিট বুক করা আলফুরসান লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা টিয়ার ক্রেডিটে ১০০ শতাংশ বোনাস পাবেন। এর ফলে সদস্যদের স্ট্যাটাস ধরে রাখা কিংবা পরবর্তী স্তরে উন্নীত হওয়ার সুযোগ আরও বাড়বে।

জেদ্দাকে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ হাব হিসেবে আরও শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে সৌদিয়া। অপারেশনাল ওয়েভের মাধ্যমে সংযোগ বাড়ানো এবং ট্রানজিট যাত্রী আকর্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে বিমান সংস্থাটি।

সৌদিয়ার লক্ষ্য, ২০২৬ সালে দুই মিলিয়নের বেশি থাকা বার্ষিক ট্রানজিট যাত্রীর সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৫ দশমিক ৫ মিলিয়নের বেশি করা।

এই পরিকল্পনার সঙ্গে সৌদি আরবের ট্রানজিট ভিসা সুবিধাও যুক্ত হয়েছে। এ ভিসার আওতায় যাত্রীরা সর্বোচ্চ ৯৬ ঘণ্টা সৌদি আরবে অবস্থান করতে পারেন। এ সময়ে তারা ওমরাহ পালনের পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণও ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।

  • আন্তর্জাতিক রুট
  • ছাড়
  • সর্বশেষ
  • সৌদিয়া