বিদেশে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ শীর্ষক এই উদ্যোগের আওতায় যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশে ভাষাশিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে আগ্রহীদের সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে। পাশাপাশি বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচ নির্বাহের জন্যও অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিতে যেতে ইচ্ছুকদের জন্য এ সুবিধা সহজ করা হয়েছে।
ঋণ পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা এবং বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া, যে দেশে যেতে ইচ্ছুক সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম ভাষা দক্ষতার সনদ (যেমন জাপানের জন্য N5, দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK লেভেল ৩) থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বা হেল্পলাইন নম্বর ১৬২৩৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
