পাসপোর্ট এন্ডোর্সমেন্টে স্বস্তির খবর দিল কেন্দ্রীয় ব্যাংক

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ মাস আগে

বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের নামে মানি চেঞ্জাররা অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ আদায় করতে পারবে না। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি ফি নেওয়া যাবে না।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশগামী নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন। তবে এন্ডোর্সমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বৈদেশিক মুদ্রা কেনার পরিমাণ যাই হোক না কেন, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে তাদের অফিসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ফি-এর চার্ট প্রদর্শন করতে হবে।

গ্রাহকের কাছ থেকে ফি আদায়ের বিপরীতে লিখিত রসিদ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অডিট ও তদারকির স্বার্থে আদায়কৃত ফি-এর সঠিক হিসাব ও নথিপত্র সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতিবার বৈদেশিক মুদ্রা বিক্রির সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে এন্ডোর্সমেন্ট সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বেশ কিছু মানি চেঞ্জারের বিরুদ্ধে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের নামে অতিরিক্ত ও অযৌক্তিক ফি আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং বিদেশগামী যাত্রীরা হয়রানি ও বাড়তি খরচ থেকে রেহাই পাবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

  • পাসপোর্ট
  • বাংলাদেশ ব্যাংক