বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে। আসন্ন ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারকে ঘিরে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে টিকিট ক্রয় করলে পাওয়া যাবে এ অফার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মেলা চলাকালীন টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, রোম, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কলকাতা ও দিল্লি রুটের ফ্লাইটে এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে। তবে লন্ডন রুটের ক্ষেত্রে শুধুমাত্র বৃহস্পতিবারের ফ্লাইটে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।
যাত্রীরা মেলা থেকে সরাসরি বা বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে BGBTTF25 প্রমোকোড ব্যবহার করে টিকিট ক্রয় করলে এই বিশেষ ছাড় পাবেন।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর ছাড়াও আন্তর্জাতিকভাবে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ ও সিঙ্গাপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এবারের ট্যুরিজম মেলায় মোট ২২০টি স্টল বসানো হবে। এতে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপসহ ১২টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। পাশাপাশি দেশি ও বিদেশি মিলে দুই হাজারেরও বেশি পর্যটন উদ্যোক্তা ও ব্যবসায়ী এই মেলায় অংশগ্রহণ করবেন।
এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
