দীর্ঘ বিরতির পর ঢাকা–করাচি সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত উদ্বোধনী ফ্লাইট BG-341 আজ রাত ২০:১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত এ ফ্লাইটে ১৩৮ জন যাত্রী ভ্রমণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)-এর চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার।
ঢাকা–করাচি রুট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পর্যটন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে যাত্রীদের জন্য সরাসরি ও সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপদ, দক্ষ ও নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
