ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছে।মঙ্গলবার মধ্য রাতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে প্রথম ফ্লাইটি। ফ্লাইটটিতে ৩৯৮ জন হজযাত্রী রয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছিল যে সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশী হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

এদিন সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

  • হজ