বাংলাদেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। আজ দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের বেসামরিক বিমান খাতের অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত সারাহ কুক বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
