সব হজযাত্রীর ভিসা কার্যক্রম আগামী ৫ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যে ৩০টি বৃহৎ এজেন্সিকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত টিকা গ্রহণ এবং গ্রুপিং কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়। চিঠি পাওয়া ৩০টি এজেন্সির আওতাধীন মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। এর মধ্যে সর্বাধিক ১ হাজার ৩০৬ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের, আর সর্বনিম্ন ১০ জনের পরীক্ষা বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলসের।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে। ভিসা আবেদন প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ এবং নির্ধারিত টিকা গ্রহণ বাধ্যতামূলক।
এছাড়া ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ গঠন, গ্রুপ প্রসেসিংসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়, যা ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় নিতে পারে। তবে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে এ সময়সীমা আরও বাড়তে পারে।
চিঠিতে আরও জানানো হয়, আগামী ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সংশ্লিষ্ট দপ্তরগুলো বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে সময় সংকট এড়াতে নির্ধারিত তারিখের অনেক আগেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
