ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ফিটনেস সনদ ছাড়া ২০২৬ সালে হজে যাওয়া যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ লক্ষ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে নিবন্ধনকারী সব হজযাত্রীর জন্য সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা এবং নির্ধারিত টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি ‘নুসুক মাসার’ সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।

মন্ত্রণালয় অনুরোধ করেছে, আসন্ন হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রী যেন বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকা গ্রহণের মাধ্যমে ফিটনেস সনদ সংগ্রহ করেন এবং ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করেন।

  • হজ