হজযাত্রীদের ভিসা আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। গত ২৯ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি ‘নুসুক মাসার’ ব্যবস্থায় ভিসার আবেদন করতে হবে।

এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এছাড়া চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

  • হজ