মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এসব দেশের গন্তব্যে চলাচলকারী ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া ১০ মার্চ (০০০০ LT-এর পর) আরও ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের (KU) ২টি, এয়ার অ্যারাবিয়া (G9) ৪টি, গালফ এয়ার (GF) ৪টি, কাতার এয়ারওয়েজ (QR) ৪টি, এমিরেটস (EK) ৪টি, জাজিরা এয়ারওয়েজ (J9) ৪টি, ফ্লাইদুবাই (FZ) ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (BG) ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS) ৩টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
