আসন্ন আইকাও অডিট–২০২৬ সামনে রেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (১০ মার্চ) তিনি বিমানবন্দরটির অপারেশনাল কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বেবিচক চেয়ারম্যানকে ব্রিফিং দেন। এতে আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন প্রস্তুতি, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি যাত্রীসেবা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে নেওয়া বিভিন্ন পদক্ষেপও উপস্থাপন করা হয়।
ব্রিফিং শেষে চেয়ারম্যান বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর (VOR) স্থাপনা এবং অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান। যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় বেবিচক চেয়ারম্যান অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন আইকাও অডিট সফলভাবে মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বেবিচকের মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
