সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই (Wi-Fi) সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেন প্রধানমন্ত্রী। সরকারের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে ধাপে ধাপে এই সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছে। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

সালেহ শিবলি আরও জানান, ফ্রি ওয়াই-ফাই চালুর ফলে যাত্রীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী ধাপে ধাপে এই প্রযুক্তি সুবিধা চালু করা হবে।

  • ফ্রি ওয়াইফাই
  • বিমানবন্দর
  • সৈয়দপুর বিমানবন্দর