ভারতে যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ভারতের মুম্বাই বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিমানবন্দরের রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় দুটি যাত্রীবাহী বিমানের ডানার অংশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত প্রাণহানি এড়ানো গেছে জানানো হয়।

এবিষয়ে ভারতের এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংঘর্ষে জড়িত বিমান দুটি ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 এবং ইন্ডিগোর ফ্লাইট 6E 791। উভয় এয়ারলাইন্স কর্তৃপক্ষই ঘটনার দায় স্বীকার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। একই সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি অবতরণের পর নির্ধারিত স্থানের দিকে ট্যাক্সিং করছিল। এ সময় দুটি বিমানের ডানার প্রান্ত একে অপরের সঙ্গে লেগে যায়। এতে উভয় বিমানের সামনের অংশে কিছুটা ক্ষতি হয়। বিমান দুটি ছিল ন্যারো-বডি এয়ারবাস A320 মডেলের।

ঘটনার পরপরই উড্ডয়ন বাতিল করে বিমান দুটি পরিদর্শনের জন্য ফিরিয়ে আনা হয়। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, সব যাত্রী নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছাতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়াও জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারিগরি পরীক্ষার জন্য বিমানটিকে গ্রাউন্ডেড রাখা হয়েছে।

এদিকে ডিজিসিএ জানিয়েছে, ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বর্তমানে বিমান দুটির ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরিদর্শন কার্যক্রম চলছে।

  • মুম্বাই বিমানবন্দর