কাতারের সাথে সব ফ্লাইট স্থগিত করলো বাংলাদেশ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। এমতবস্থায় বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে জানা যায় কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে ফুয়েল নিয়ে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

তিনি আরও বলেন, রাতে আরও একটি ফ্লাইট দোহা হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাবে।

তবে চলমান অবস্থায় হজ ফ্লাইটের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স