রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয় এবং এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর বিধান অনুযায়ী তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
