আজও মধ্যপ্রাচ্যগামী বিমানের ২৭ ফ্লাইট বাতিল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ইরান-ইসরাইল সংঘাতের জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট আংশিকভাবে চালু হলেও আজ রোববার (১ মার্চ) সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, আঞ্চলিক আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় নির্ধারিত সময়সূচির একাধিক ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। যদিও কিছু রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে, তবুও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি।

এর আগে শনিবার ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে শত শত যাত্রী বিমানবন্দরে এসে বিপাকে পড়েন।

ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়া প্রায় সাড়ে ৮০০ যাত্রীর জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের এ উদ্যোগে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

এমন পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি নিশ্চিত হয়ে তারপর বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি নিরাপদ ও স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মধ্যপ্রাচ্য