চালু হলো রিয়াদ এয়ার: বাংলাদেশি যাত্রীদের জন্য বাড়তে পারে সুযোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের বিলম্ব কাটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সৌদি আরবের দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। সংস্থাটির প্রথম বাণিজ্যিক ফ্লাইট সৌদি রাজধানী রিয়াদ থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে রিয়াদ থেকে লন্ডনগামী একটি আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজ স্থানীয় সময় রাত আড়াইটায় উড্ডয়ন করে। উড়োজাহাজটি রিয়াদ এয়ারের সাদা ও হালকা বেগুনি রঙের বিশেষ নকশায় সজ্জিত ছিল।

সৌদি সরকারের মালিকানাধীন এই নতুন বিমান সংস্থার লক্ষ্য হলো রাজধানী রিয়াদকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশপথ যোগাযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এ উদ্যোগকে দেশটির অর্থনীতি বহুমুখীকরণ ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

যদিও ২০২৫ সালে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরিকল্পনা ছিল, তবে উড়োজাহাজ সরবরাহে বিলম্ব, উৎপাদনসংক্রান্ত জটিলতা এবং নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যার কারণে তা পিছিয়ে যায়।

এদিকে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতাও বিমান খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও রিয়াদ এয়ারের আনুষ্ঠানিক যাত্রাকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে আন্তর্জাতিক গন্তব্য বাড়ানোর মাধ্যমে সংস্থাটি বৈশ্বিক আকাশপথ পরিবহন খাতে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী করবে।

  • এয়ারলাইন্স
  • মধ্যপ্রাচ্য
  • রিয়াদ এয়ার
  • সর্বশেষ