ঢাকা-টরন্টো রুটে ইস্তাম্বুলের বদলে রোমে থামবে বিমানের ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের দীর্ঘপাল্লার ঢাকা-টরন্টো রুটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ২৯ মার্চ থেকে এই রুটের ফ্লাইটগুলোতে রিফুয়েলিং বা টেকনিক্যাল স্টপ হিসেবে তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে ইতালির রাজধানী রোম ব্যবহার করা হবে।

বিমান সূত্রে জানা গেছে, নতুন এই রুট ব্যবস্থার ফলে যাত্রীদের মোট ভ্রমণ সময় কিছুটা কমবে এবং ফ্লাইট পরিচালনায় দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে টেকনিক্যাল স্টপ চলাকালীন পুরো সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হবে।

বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এয়ারলাইন্সের পরিচালন কাঠামো আরও কার্যকর করতে এবং যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিমান ঢাকা-রোম রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে। ফলে রোমে বিমানের নিজস্ব গ্রাউন্ড হ্যান্ডেলিং সুবিধা, প্রশিক্ষিত কর্মী এবং প্রয়োজনীয় অপারেশনাল অবকাঠামো আগে থেকেই প্রস্তুত রয়েছে।

এই বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে টরন্টো রুট পরিচালনা করলে খরচ ও পরিচালনগত জটিলতা কমবে বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রুট সমন্বয়ের ফলে ঢাকা-টরন্টো ফ্লাইট পরিচালনা আরও কার্যকর হবে এবং যাত্রীদের জন্য ভ্রমণ অভিজ্ঞতাও আগের চেয়ে উন্নত হবে।

  • ঢাকা-টরন্টো রুট