সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ওমানের স্বল্পমূল্যের বিমান সংস্থা সালামএয়ার আগামী সেপ্টেম্বর থেকে মাস্কাট ও সিলেটের মধ্যে নতুন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। নতুন এ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সালামএয়ার ঢাকা থেকে সপ্তাহে সাতটি এবং চট্টগ্রাম থেকে সপ্তাহে ১২টি ফ্লাইট পরিচালনা করছে। নতুন সিলেট রুট চালুর মাধ্যমে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনাকারী প্রথম এবং বর্তমানে একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইন হিসেবে আত্মপ্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন রুটের ফলে মাস্কাট ও সালালাহ থেকে যাত্রীদের জন্য আরও সুবিধাজনক ভ্রমণের সুযোগ তৈরি হবে। মাস্কাট হয়ে নির্বিঘ্ন সংযোগের মাধ্যমে ওমানের বিভিন্ন গন্তব্যে সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

নতুন রুট উদ্বোধন উপলক্ষে একমুখী ভাড়া ৬৬ দশমিক ৯৯ ওমানি রিয়াল (ওএমআর) থেকে নির্ধারণ করেছে সালামএয়ার।

বিমান সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান এভিয়েশন বাজারগুলোর অন্যতম বাংলাদেশ, যেখানে বার্ষিক প্রায় ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের কারণে এই বাজারে যাত্রী চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সালামএয়ার
  • সিলেট-মাস্কাট