নতুন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে বিমানের চুক্তি স্বাক্ষর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ১৪টি নতুন উড়োজাহাজ কিনতে যুগান্তকারী এক চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি ৭৩৭-৮ ম্যাক্স জেট উড়োজাহাজ কেনা হবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ সরকারের “বাংলাদেশ ফার্স্ট” ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বৈশ্বিক যোগাযোগ বাড়ানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে সংস্থার অপারেশনাল সক্ষমতা বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করবে এবং বৈশ্বিক এভিয়েশন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এ চুক্তির প্রভাব এভিয়েশন খাতের বাইরেও পড়বে। বিশেষ করে পর্যটন শিল্পের বিকাশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।

বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে বিমান। নতুন উড়োজাহাজ যুক্ত হলে যাত্রীদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তি দেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক ধাপ এগিয়ে নেবে।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশে এয়ারলাইন্স
  • বিমান-বোয়িং চুক্তি
  • বোয়িং
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া