বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের দায়িত্ব পেলেন মহিউদ্দিন আহমেদ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির গ্রাহক সেবা বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিমানে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে মহিউদ্দিন আহমেদের। কর্মজীবনের শুরুতে তিনি মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কার্গো সেলস শাখায় ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে একই বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে তিনি ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। এরপর কার্গো এক্সপোর্ট বিভাগেও ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া কাস্টমার সার্ভিস, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস এবং প্রকিউরমেন্ট বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি। ২০২২ সালে কাস্টমার সার্ভিস বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরবর্তীতে একই বিভাগের জেনারেল ম্যানেজার হন।

বিমানের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক বিভাগের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন মহিউদ্দিন আহমেদ। নতুন দায়িত্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম প্রচার ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মহাব্যবস্থাপক
  • সর্বশেষ