মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, অকুতোভয় সাহসিকতা এবং অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা ঘটে। দিবসটি উপলক্ষে বিমান-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল স্তরের কর্মচারীরা রাজধানীর বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিমান-এর বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা দেশের প্রতি দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
