ফিরতি হজযাত্রীদের ফুল ও জমজমের পানি দিয়ে অভ্যর্থনা জানাল বিমান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ফিরতি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ফুল ও পবিত্র জমজমের পানি প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ(৩০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের এভাবে বরণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডেপুটি সিইও জনাব সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক (গ্রাহক সেবা, ভারপ্রাপ্ত) জনাব মহিউদ্দিন আহমেদ এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ অন্যান্য কর্মকর্তারা।

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর প্রথম ফিরতি হজ ফ্লাইটটি সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। একই ফ্লাইটের হজযাত্রীদের পাশাপাশি সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। এছাড়া ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ১০৬টি ফিরতি ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য কল সেন্টার ১৩৬৩৬, সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশে এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হজ