বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনা হয় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ঢাকা-ইসলামাবাদ-করাচি সরাসরি ফ্লাইট চালু নিয়ে।
বুধবার বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত । এসময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক ও আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের স্বভাব সুলভ আতিথেয়তার কথা স্মরণ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরে সম্ভাবনার কথা উল্লেখ করে ঢাকা-ইসলামাবাদ-করাচি বিমান যোগাযোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান ওপাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফ।
সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের পাকিস্তান ভ্রমণের আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ভালোই ধকল পোহাতে হয়। এ জন্য মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে অন্য দেশে ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তান। এখন অনলাইনে আবেদন করলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ই-ভিসা পাওয়া যাওয়ায় সরাসরি ফ্লাইট চালু হলে সুবিধা হবে যাত্রীদের।
দীর্ঘদিন ধরে বাংলাদেশি যাত্রীদের পাকিস্তানের বিভিন্ন গন্তব্যে নিতে আগ্রহ প্রকাশ করছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই ফ্লাইট পরিচালনা করতে পারে পিআইএ।
