আগামী দুই মাসের মধ্যে ফের বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালু করতে যাচ্ছে ওমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স এর সাইডলাইন বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এ তথ্য জানানো হয়।
বৈঠকে ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ ও প্রশংসা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের দক্ষ মানবসম্পদ বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন।
এছাড়া অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এসময় ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবেই ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী প্রেরণের আগে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে কর্মীদের অবহিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আয়োজনের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান ড. আসিফ নজরুল।
এই বৈঠককে বাংলাদেশ-ওমান শ্রম সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
