চট্টগ্রাম বিমানবন্দর থেকে আজ বাতিল ৪, মোট বাতিল ৫০ ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলেও। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর অদ্যাবধি বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা ছিল এমন ২টি আগমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসার কথা ছিল আরও ২টি আগমন ফ্লাইট।

অন্যদিকে আজ একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 কুয়াশাজনিত কারণে প্রথমে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে ঢাকা থেকে পুনরায় যাত্রা শুরু করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে OV-402 ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজ সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজকের বাতিল ফ্লাইট রয়েছে ৪টি।

  • ফ্লাইট বাতিল
  • মধ্যপ্রাচ্য
  • শাহ আমানত বিমানবন্দর