দেশের বিমান খাতে আগামীতে প্রায় সাড়ে চার হাজার দক্ষ জনবল প্রয়োজন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে ৬০০ থেকে ৭০০ জন পাইলট, দুই থেকে আড়াই হাজার টেকনিশিয়ান এবং ৯০০ থেকে ১২০০ জন কেবিন ক্রু প্রয়োজন হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে ১৯টি এয়ারক্রাফট রয়েছে। ভবিষ্যতে আরও ৩৫টি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমান খাতে দক্ষ জনবলের চাহিদা আরও বাড়বে।
তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ বিমান ১২ দশমিক ৫ মিলিয়ন বা ১ কোটি ২৫ লাখ যাত্রী পরিবহন করেছে। আগের বছরগুলোতেও যাত্রী পরিবহনের ক্ষেত্রে একই ধারাবাহিকতা ছিল।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ ও উন্নত করার অঙ্গীকার করেছেন। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে এভিয়েশন ও অ্যারোস্পেস খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান এবং শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যেমনিভাবে বিমান বাহিনীর জন্য আকাশ উন্মুক্ত, তেমনিভাবে প্রধানমন্ত্রী অপরিসীম সম্ভাবনার ক্ষেত্রে ‘স্কাই ইজ দ্য লিমিট’ মনে করেন। সে কারণেই তিনি আজ আমাদের শিক্ষাব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছেন।’’
