টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটকদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপের নির্দেশ মন্ত্রীর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা জোরদার এবং জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নেওয়ার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

  • travel based first digital media
  • আগুণ
  • ইনানী
  • টূপটুপ রিসোর্ট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া