উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর কৌশলগত সক্ষমতা জোরদারে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি ও আধুনিক ড্রোন (UAV) ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এ ঘোষণা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এয়ার চিফ মার্শাল বলেন, বগুড়াকে ভবিষ্যতে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সেখানে বিমানঘাঁটির অবকাঠামো উন্নয়ন করা হবে এবং একই সঙ্গে উচ্চ প্রযুক্তিনির্ভর UAV উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হবে। তিনি জানান, এখানে উৎপাদিত UAV সামরিক অভিযানে ব্যবহারের উপযোগী হবে।
প্রস্তাবিত প্রকল্পটি সরকার-থেকে-সরকার (G2G) ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে বিদেশি প্রযুক্তিগত সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। UAV খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়েছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, বগুড়া বিমানঘাঁটির উন্নয়নের মাধ্যমে উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর দ্রুত মোতায়েন, প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে আকাশপথে কার্যক্রম পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে কৌশলগত UAV কারখানা নির্মাণ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
