দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি কর্মীদের শ্রম ভিসা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় শ্রমবাজার আবারও উন্মুক্ত করতে আমিরাত সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তিনি বন্ধ শ্রম ভিসা দ্রুত চালুর আহ্বান জানান এবং এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ কামনা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আমিরাতে কর্মরত প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশির অবদান উল্লেখ করেন। তিনি বলেন, দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সুযোগ দেওয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানান।
শুধু শ্রম ভিসা নয়, বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসায়িক (বিজনেস) ভিসা ও ট্রানজিট ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার বিষয়েও আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমন্বিত কৌশলগত ও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
কূটনৈতিক এই বৈঠকে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করার বিষয়েও কথা হয়। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, শ্রম ভিসা পুনরায় চালু হলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে। এখন নজর আমিরাত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।
