পাকিস্তান সরকার বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) বিমানকে এই রুটে সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।
ফেডারেল সরকারের সম্মতির পর সিএএ-এর মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এ সংস্থাকে সরাসরি করাচি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেন।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে তিন মাসের জন্য ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। একইসাথে করাচি বিমানবন্দরে বিমানের জন্য প্রয়োজনীয় স্লট বরাদ্দ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমোদনও নিশ্চিত করা হয়েছে।
সিএএ বলছে, অনুমোদিত রুট অনুসরণ করে বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হবে। নির্ধারিত রুটের বাইরে কোনোভাবেই ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে না। এছাড়া ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে হবে।
