হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে গিয়ে মন্ত্রী লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে, সে বিষয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান।
যাত্রীরা মন্ত্রীর কাছে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।
এ সময় মন্ত্রী বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনাও দেন মন্ত্রী।
পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
