সিঙ্গাপুরের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়ন ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লোহ ইউ-চে।

সোমবার দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে Advanced Passenger Information System (APIS) এবং Aeronautical Revenue Management System উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Crimson ও Enterprise আগ্রহী।

এ সময় মন্ত্রী আফরোজা খানম দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পর্যটন শিল্পের বিকাশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিমান ও পর্যটন খাতে প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

  • পিপিপি
  • বাংলাদেশ-সিঙ্গাপুর
  • বিমানবন্দর
  • সর্বশেষ