মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অনিশ্চয়তা অব্যাহত থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) দিনভর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মধ্যপ্রাচ্য থেকে ৩টি আগমন (এরাইভাল) ফ্লাইট এবং ১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার অ্যারাবিয়ার ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে সব ক্ষেত্রে এটি ঘটেনি। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীবাহী ৪টি আগমন ফ্লাইট এবং ৩টি প্রস্থান ফ্লাইট সোমবার স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শারজাহ থেকে চট্টগ্রামগামী এয়ার আরাবিয়ার ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সোমবারের ৬টি ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
