বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পেলো নতুন ইউনিফর্ম

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুনভাবে প্রণীত ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।আজ (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইউনিফর্মের উদ্বোধন করেন।

নতুন এই ইউনিফর্ম আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারিত্বের ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন সদস্যগণ, এভসেক এর সদস্যবৃন্দ এবং বেবিচক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন। নতুন ইউনিফর্মের মাধ্যমে আমরা তাদের মধ্যে আরও পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাতে চাই।

অনুষ্ঠানে নতুন ইউনিফর্ম পরিহিত একটি এভসেক সদস্যের ডেমোনস্ট্রেশন দল উপস্থিত হয়ে ইউনিফর্মের আনুষ্ঠানিক প্রদর্শন করে। নতুন ইউনিফর্ম চালুর মধ্য দিয়ে দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

  • বেবিচক
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর