হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগ কর্তৃক অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় কর্তব্যরত কর্মকর্তারা একজন যাত্রীর ব্যাগে মুদ্রা সদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত করেন। ঢাকা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীদের প্রি-বোর্ডিং তল্লাশির সময় বিষয়টি তাদের নজরে আসে।
এ সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী নুরুন নাহার ও আমজাদ হোসেন ওই যাত্রীর ব্যাগ থেকে এনডোর্সবিহীন ১২ হাজার অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করেন। এরপর উদ্ধারকৃত মুদ্রাসহ সংশ্লিষ্ট যাত্রীকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বিমানবন্দরের কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের নিরাপত্তা কর্মীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার এনএক্স-১৭ অনুযায়ী সার্টিফাইড স্ক্রিনার এবং এভিয়েশন নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এভিয়েশন সিকিউরিটি বিভাগসহ প্রতিটি সংস্থা নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সম্মানিত যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করছে।
