‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন-২০২৬’ স্বীকৃতি পেল নভোএয়ার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

অভ্যন্তরীণ রুটে উন্নত যাত্রীসেবা ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করায় দেশের সেরা এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে নভোএয়ার। ‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন-২০২৬’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে বেসরকারি এয়ারলাইনটি। পাশাপাশি ‘বেস্ট কেবিন সার্ভিস (ডমেস্টিক)’ ক্যাটাগরিতে পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড।

রোববার রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর আয়োজিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’ অনুষ্ঠানে নভোএয়ারের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য এম নাসের রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে পরিচালিত জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করে ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর।

পুরস্কার অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। যাত্রার শুরু থেকেই নভোএয়ার যাত্রীসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণের মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করতে পারা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার মানোন্নয়নে নভোএয়ারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ারের ফ্লাইট ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে যোগাযোগ অথবা www.flynovoair.com ওয়েবসাইট ভিজিট করা যাবে।

  • এয়ারলাইন্স
  • নভোএয়ার
  • সর্বশেষ