৯ বছর পূর্তিতে সালাম এয়ারের বড় পরিকল্পনা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

ওমানভিত্তিক স্বল্প খরচের এয়ারলাইন্স সালামএয়ার তাদের যাত্রার ৯ বছর পূর্তি উপলক্ষে ট্রাভেল ট্রেড এনগেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে চলতি বছরে বহরে আরও তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং একাধিক নতুন রুট চালুর পরিকল্পনার কথা জানানো হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে সালামএয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ারোউইং এভিয়েশন লিমিটেড। অনুষ্ঠানে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি উপস্থিত ছিলেন।

সালামএয়ারের তথ্যমতে, গত বছর এয়ারলাইন্সটি ৪৪টি গন্তব্যে ২২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৪ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।

সালামএয়ার কর্তৃপক্ষ জানায়, পরিচালন সক্ষমতা জোরদারে চলতি বছরের মাঝামাঝি সময়ে বহরে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত করা হবে। পাশাপাশি জানুয়ারিতে এয়ারলাইন্সটি পোর্ট সুদান রুটে ফ্লাইট চালু করেছে। এছাড়া মে মাসে দামেস্ক, জুনে ভিয়েনা এবং জুলাইয়ে মেদান রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সালামএয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম রাজন বলেন, বাংলাদেশের বাজার সালামএয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এয়ারলাইন্সটি এ৩২১ নিও উড়োজাহাজ দিয়ে ঢাকা ও চট্টগ্রামে সপ্তাহে ২০টি ফ্লাইট পরিচালনা করছে। এই ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীদের যাতায়ত সুবিধা দিচ্ছে। দক্ষতার সাথে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সালামএয়ার নিজের নেটওয়ার্ক বাড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বলা হয়, গত ৯ বছরে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য আকাশযাত্রার জন্য সালামএয়ার শক্ত অবস্থান গড়ে তুলেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের ট্রাভেল ট্রেডকে আরও সক্রিয়ভাবে সমর্থন এবং দেশের আউটবাউন্ড ভ্রমণ চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারোউইং এভিয়েশনের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহেদী এবং সালামএয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম রাজন। দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

  • travel based first digital media
  • বর্ষপূর্তি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সালাম এয়ার