পাইলট হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ‘স্টুডেন্ট পাইলট’ পদে নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। প্রশিক্ষণ শেষে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে। এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ পর্যায়ে ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪ থাকতে হবে।
ও লেভেল উত্তীর্ণ প্রার্থীদের গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭ দশমিক ৬৪ সেন্টিমিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ১৬২ দশমিক ৫৬ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে।
প্রার্থীদের চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। দৃষ্টিশক্তি সংশোধনের মাধ্যমে ৬/৬ করা হলেও তা গ্রহণযোগ্য হবে। তবে বর্ণান্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
ভাষাগত দক্ষতা
প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় সাবলীল হতে হবে। পাশাপাশি অন্য কোনো ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ওয়েবসাইট https://studentpilot.usbair.com/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হবে না। নিয়োগের নামে কেউ অর্থ দাবি করলে প্রয়োজনীয় তথ্য ও নথিসহ feedback@usbair.com ঠিকানায় অভিযোগ জানাতে হবে। এ ছাড়া কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন, সংশোধন, স্থগিত বা বাতিলের অধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।
