প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ করছে বিমান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। তবে চলতি সপ্তাহে জাপানগামী ও ফেরত—দুই ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

বর্তমানে প্রতি সোমবার ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও এ রুটে ফ্লাইট চলবে। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী পরিবহন বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, অক্টোবরের শেষ দিক থেকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন ফ্লাইটটি নিয়মিত পরিচালিত হবে।

তিনি জানান, ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ফলে জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ বিরতি শেষে গত জুলাইয়ে পুনরায় এ রুটে সরাসরি ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

  • travel based first digital media
  • জাপান
  • ঢাক্কা-নারিতা
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া