ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬।

 

আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ এক্সপো অনুষ্ঠিত হবে। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার নিউজ আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

 

১৯ নভেম্বর দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা রয়েছে।

 

আয়োজকদের সূচি অনুযায়ী, প্রথম দিন সকাল ১০টায় দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকবে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।

 

দ্বিতীয় দিন ২০ নভেম্বর পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এদিন প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং। দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্য তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক নানা আয়োজন।

 

২১ নভেম্বর শেষ দিনে প্রদর্শনী ও মেলার পাশাপাশি অংশগ্রহণকারী প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‍্যাফল ড্র। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আয়োজন।

 

এবারের এক্সপোতে ৫৮টি বিশেষায়িত স্টল থাকছে। সমুদ্র, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকো ট্যুরিজমসহ দেশের বিভিন্ন পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করে সাজানো হবে এসব স্টল। সংশ্লিষ্ট পর্যটন উদ্যোক্তারা নিজ নিজ গন্তব্যের সুযোগ-সুবিধা ও ভ্রমণপণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন।

 

ইট্যাবের সভাপতি ও এক্সপোর আহ্বায়ক মো. ইমরানুল আলম বলেন, দেশে অভ্যন্তরীণ পর্যটনকে কেন্দ্র করে বড় পরিসরে মেলার আয়োজন খুব একটা দেখা যায় না। সাধারণত আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলোকে ঘিরেই এ ধরনের আয়োজন হয়ে থাকে। এবার দেশের অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলোকে সামনে এনে বৃহৎ পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে।

 

তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যের সুযোগ-সুবিধা তুলে ধরে অভ্যন্তরীণ পর্যটনে নতুন গতি আনাই এ আয়োজনের লক্ষ্য। বর্তমানে পর্যটন খাতে হাজার হাজার তরুণ উদ্যোক্তা কাজ করছেন। তাঁদের উদ্যোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার, প্রশাসন, উদ্যোক্তা এবং পর্যটকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে এ এক্সপো ভূমিকা রাখবে।

 

ইমরানুল আলম আরও বলেন, দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সমস্যাসহ নানা সীমাবদ্ধতা মেলায় তুলে ধরা হবে। এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন উদ্যোগ গ্রহণে চাপ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এক্সপোটি।

 

আয়োজকদের প্রত্যাশা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার মধ্য দিয়ে এ আয়োজন দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখবে।

  • travel based first digital media
  • ইয়ুথ এক্সপো
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া