সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নিয়োগ প্রক্রিয়ায় আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। লটারি কার্যক্রম বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। সংশ্লিষ্ট সব আবেদনকারীকে সম্প্রচারটি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর প্রথম ধাপে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাঁদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজের সুযোগ রয়েছে।
এই নিয়োগে অংশ নিতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করে বোয়েসেল। এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়। তবে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী উপস্থিত হননি। ফলে তাঁদের পরিবর্তে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, চূড়ান্তভাবে কর্মী নির্বাচনের জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।
বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মীদের বিদেশে যাওয়া-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয় বহন করবে।
