বাংলাদেশের সঙ্গে বিমান ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় জার্মানি

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৭ ঘন্টা আগে

বাংলাদেশ ও জার্মানি বিমান চলাচল, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জার্মানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন তারা।

বাংলাদেশের পক্ষ থেকে জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি, অভিবাসন ও চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূত লোটজ বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • জার্মান
  • সর্বশেষ