সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর, পর্যটন অংশীজন ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, থিমেটিক প্রদর্শনী, আলোচনা সভা, বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিনোদন পার্ক, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেবে।

২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় পশ্চিম আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে বিশ্ব পর্যটন দিবসের র‍্যালি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে সাইকেল র‍্যালি। এরপর সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সিটি ট্যুরের উদ্বোধন করা হবে। এতে সুবিধাবঞ্চিত শিশুরা গাইডেড ট্যুরের মাধ্যমে ঢাকার বিভিন্ন পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবে।

২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পর্যটন ভবনের লেভেল-১০-এর সম্মেলন কক্ষে পর্যটন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের সামগ্রিক পর্যটন উন্নয়ন নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনেরা মতবিনিময় করবেন।

৩০ সেপ্টেম্বর একই সময়ে একই স্থানে উৎস দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে। সভায় ইনবাউন্ড ট্যুরিজমের প্রসার, উৎস দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং সম্ভাব্য নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেবেন।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ওইদিন বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টলের উদ্বোধন ও পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, জিআই পণ্য, ক্রাফট ও স্যুভেনির, ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, বিভিন্ন পর্যটন গন্তব্য এবং আবহমান বাংলার জীবনধারা তুলে ধরা হবে।

এবারের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে AI প্রযুক্তির মাধ্যমে পর্যটন গন্তব্যের অভিজ্ঞতা, ‘টাইম ট্রাভেল’ এবং পর্যটনকেন্দ্রিক ছবি তোলার ধারণা তুলে ধরা হবে।

এ ছাড়া এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬। দেশের পর্যটন শিল্পে প্রথমবারের মতো ১৩টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার প্রদান করবে।

আয়োজকদের মতে, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।

আয়োজকদের ভাষ্য, পর্যটন শিল্পে উৎকর্ষ, দায়িত্বশীলতা ও উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগগুলোকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি টেকসই পর্যটন শিল্প গঠন ও প্রচারে বাংলাদেশ পর্যটন পুরস্কার ভূমিকা রাখবে।

  • বিশ্ব পর্যটন দিবস
  • ভ্রমণ
  • সর্বশেষ