পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনা ও দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
গত ১৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিৎসায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যটন বিনিয়োগ ফোরামে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্টেনিগ্রো সরকার ও জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী, নীতিনির্ধারক এবং পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মন্টেনিগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ফোরামে পর্যটন খাতে দক্ষ জনশক্তি তৈরি, ভ্রমণ সহজ করা, আকাশপথে যোগাযোগ বাড়ানো, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী সিমোনিদা কোরদিচ, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওয়াইস, মালদ্বীপের ড. আবদুল্লা নিয়াজ এবং ফিলিপাইনের ডাকিলা এফ. গনজালেস।
ফোরামের আলোচনা শেষে ‘পডগোরিৎসা ঘোষণা’ গৃহীত হয়। আয়োজকেরা এটিকে সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।
ফোরামে অংশগ্রহণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
