বিমানের দুই বোয়িং ৭৩৭-৮০০-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা মডিফিকেশন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ নিরাপত্তা মডিফিকেশন সম্পন্ন করেছে মার্কিন বিমান চলাচল প্রযুক্তি ও এভিয়েশন সার্ভিস প্রতিষ্ঠান এয়ারসেল করপোরেশন।

উড়োজাহাজ দুটিতে ইগনিশন মিটিগেশন মিনস (আইএমএম) মডিফিকেশন করা হয়েছে এয়ারসেলের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অনুমোদিত এয়ারসেফ সাপ্লিমেন্টাল টাইপ সার্টিফিকেটের (এসটিসি) আওতায়। এ প্রযুক্তির মাধ্যমে উড়োজাহাজের ফুয়েল ট্যাংকে আগুনের সূত্রপাত ও তা ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ও এয়ারওয়ার্থিনেস মানদণ্ড পূরণেও এটি সহায়ক হবে। প্রকল্পটির প্রকৌশল ও কারিগরি কাজ এয়ারসেলের বিশেষায়িত টেকনিক্যাল টিম সরাসরি সম্পন্ন করেছে। বাংলাদেশে এয়ারসেলের স্থানীয় প্রতিনিধি হিসেবে ইনিশিয়েটিভ বিজনেস প্রকল্পটির সমন্বয় ও বাস্তবায়নে সহায়তা করেছে।

এয়ারসেফের আইএমএম প্রযুক্তি একটি নিষ্ক্রিয় নিরাপত্তাব্যবস্থা। প্রচলিত নাইট্রোজেন জেনারেশন সিস্টেমের তুলনায় এতে জটিল যান্ত্রিক যন্ত্রাংশ, চলমান অংশ কিংবা ফুয়েল ট্যাংকের ভেতরে বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না। ফলে উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনাতেও এটি সুবিধা দিতে পারে।

ইনিশিয়েটিভ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশে এয়ারসেলের স্থানীয় প্রতিনিধি সামিন ওয়াই. প্রিয়ম বলেন, আন্তর্জাতিকভাবে অনুমোদিত এ ধরনের নিরাপত্তা প্রযুক্তি বাংলাদেশের বাণিজ্যিক উড়োজাহাজের বহরে বাস্তবায়ন দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এয়ারসেলের টেকনিক্যাল টিম সরাসরি উড়োজাহাজে কাজ করেছে এবং ইনিশিয়েটিভ বিজনেস স্থানীয় সমন্বয় ও বাস্তবায়নে সহায়তা দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা ও এয়ারওয়ার্থিনেস-সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড পূরণ গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে মডিফিকেশন সম্পন্ন করায় উড়োজাহাজ পরিচালনায় সম্ভাব্য বিঘ্নও কমিয়ে আনা সম্ভব হয়েছে।

এয়ারসেল ও ইনিশিয়েটিভ বিজনেসের সহযোগিতায় সম্পন্ন এ প্রকল্পকে বাংলাদেশের বাণিজ্যিক এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিমান প্রকৌশল ও নিরাপত্তা প্রযুক্তির সংযুক্তির একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • আগুণ
  • নিরাপত্তা মডীফিকেশন
  • ফুয়েল ট্যাংক
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোয়িং
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া